হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

চাঁদপুরের কচুয়ায় ঘরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা। ছবি: আজকের পত্রিকা

​চাঁদপুরের কচুয়ায় ঘরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার বেরকোটা ইউনিয়নের মিয়াজী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ​নিহত ফাতেমা বেগম মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

​পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন ফাতেমা বেগম। গভীর রাতে চোরচক্র সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা মালামাল লুটের চেষ্টা চালায়। একপর্যায়ে ফাতেমা বেগম বিষয়টি টের পেয়ে গেলে চোরচক্র তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। সকালে পরিবারের লোকজন ঘরে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় ফাতেমা বেগমের মরদেহ দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

​কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে অপরাধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছি। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।