চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) এবং একই এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি পাটোয়ারী (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে চাঁদপুরের বাড়ির দিকে ফিরছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের ঠাকুরদীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফিরোজ আহমেদ তৌহিদ নিহত হন। গুরুতর আহত মাহি পাটোয়ারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
নিহত দুজন শৈশব থেকেই একই এলাকায় একসঙ্গে বেড়ে উঠেছেন এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁদের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, মিনিট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন আরোহী নিহত হয়েছেন। আহত অপর আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে তিনি শুনেছি। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে। তবে মিনিট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
ওসি আরও বলেন, নিহত দুই যুবকের পরিবারের কাছে খবর পৌঁছানো হয়েছে। স্বজনেরা থানায় এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।