• ২ দশমিক ৭ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ।
• সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে খানাখন্দের সৃষ্টি।
• অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে কাজ করেন সাবেক পৌর মেয়র।
চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ২ দশমিক ৭ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দে গত ৫ মে সড়কটির সংস্কারকাজ শেষ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ জন্য সড়কটি ছয় মাসও টেকেনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সড়কটির সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। তবে প্রকল্পটির কাজ করেছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন। তিনি চলতি বছরের ৫ জানুয়ারি কাজ শুরু করেন। চার মাসের মাথায় গত ৫ মে কাজ শেষ করা হয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের গৃদকালিন্দিয়া ইসলামগঞ্জ বাজার থেকে শুরু হয়ে সাহেবগঞ্জ বাজার হয়ে তুলাতলি বাজার পর্যন্ত সংস্কারকাজ করা হয়। এর বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গেছে। কোথাও কোথাও পিচঢালাই উঠে স্তূপ হয়ে পড়ে আছে। আবার কিছু অংশে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। কয়েক দিন আগে বৃষ্টির সময় এসব খানাখন্দের অংশ দিয়ে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। সাহেবগঞ্জ বাজারের পর সড়কের কিছু অংশ তুলনামূলক ভালো থাকলেও পরবর্তী অংশের অবস্থা খুবই খারাপ।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ চলাকালে প্রকৌশলীদের যথাযথ তদারকি ছিল না। এ সুযোগে ঠিকাদার নিজেদের ইচ্ছামতো কাজ শেষ করেছেন। ফলে সরকারি বিপুল অর্থ ব্যয়ে সংস্কার করা সড়কটি কয়েক মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে।
তুলাতলি বাজারের ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন বলেন, ‘সড়কটি মেরামতের এক সপ্তাহের মধ্যেই পিচঢালাই উঠতে শুরু করে। সরকার এত টাকা ব্যয় করে সড়কটি সংস্কার করেছে। কাজের সময় একাধিক প্রকৌশলী থাকার পরও কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, তা বোধগম্য নয়। এ কাজে কারা অনিয়ম ও দুর্নীতি করেছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন।’
নিয়মিত এই সড়কে অটোরিকশা চালান রিফাত রহমান। তিনি বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে সড়কটি ক্ষতিগ্রস্ত হবে, তা কেউ ভাবেনি। প্রথমে সবাই মনে করেছিলেন কাজটি ভালো হয়েছে। কিন্তু এখন সড়কে চলাচল করতে গিয়ে যানবাহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কটি যথাযথভাবে সংস্কারের দাবি জানাই।’
আরেক অটোরিকশাচালক জাকির হোসেন বলেন, ‘পিচঢালাই উঠে যাওয়ার পর ঠিকাদারপক্ষ এসেছিলেন। বিভিন্ন স্থানে মেরামতও করা হয়েছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আগের মতো অবস্থা ফিরে এসেছে।’
জানতে চাইলে কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরোয়ার গাজী বলেন, ‘আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছেন মঞ্জিল হোসেন। অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলতে পারবেন।’
এ বিষয়ে সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ‘পরে কথা বলবেন’ জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তিনি আর সাড়া দেননি।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, ‘সড়কটি সংস্কারের সময় আমি এ উপজেলায় কর্মরত ছিলাম না। তবে সড়কটির বর্তমান অবস্থা দেখে মনে হয়েছে, সংস্কারকাজে কারিগরি ত্রুটি ছিল। বিশেষ করে বিটুমিন প্রয়োগের সময় অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করা হয়ে থাকতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়ার জন্য বলা হবে।’