হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। আজ রোববার সকালে চাঁদপুর শহরে তাঁর চেম্বারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কচুয়া থানার পুলিশ জানায়, গত ১৫ আগস্ট পালনকে কেন্দ্র করে উপজেলার পালাখাল এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন—এমন অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলাটি করা হয়।

কচুয়া থানার উপপরিদর্শক মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ সূত্র জানায়, মামলায় অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’