হোম > সারা দেশ > চাঁদপুর

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

মো. আজাদ হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় মো. আজাদ হোসেন ওরফে রবিন (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত সংগঠন) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ষোলদানা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আজাদ হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার ষোলদানা গ্রামের মো. আমিন পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরের সিরাজ সুপার মার্কেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করছিলেন। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আজাদ হোসেন ওরফে রবিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।