হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

ইমরান হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় ইমরান হোসেন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শিলাস্থান গ্রামের কাজীবাড়িতে ঘটনাটি ঘটে। আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ইমরান হোসেন শিলাস্থান গ্রামের রবিউল্লাহর ছেলে। তিনি বিবাহিত এবং তাঁর দুই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন ইমরান। পরে রাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যদের নজরে এলে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের বাবা রবিউল্লাহ বলেন, ‘আমার ছেলে স্বাভাবিক ছিল। মঙ্গলবার রাতেও পরিবারের সবার সঙ্গে কথা বলেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা বুঝতে পারছি না।’

স্থানীয় কয়েকজনের দাবি, ইমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পাশাপাশি ব্যক্তিগত দেনা-পাওনা ও নানা দুশ্চিন্তাও ছিল বলে তাঁরা জানান। তবে এসব বিষয় মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।