চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর শিশুকন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দনপুর পশ্চিম বাজারের ইব্রাহিমের দোকানের সামনে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নাসির উদ্দিন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও চ্যানেল এসের কচুয়া উপজেলা প্রতিনিধি।
স্থানীয় বাসিন্দারা নাসির উদ্দিন ও তাঁর শিশুকন্যাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নাসির উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই কচুয়া উপজেলার পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারী বাড়িতে সুমন পাটোয়ারী নামের এক যুবকের বিরুদ্ধে তাঁর এক স্বজনকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্ত সুমন পাটোয়ারী পালিয়ে যান।
ধর্ষণের অভিযোগের ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিনসহ কয়েকজন সংবাদ প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, ওই সংবাদ প্রকাশের জেরে গতকাল সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় নাসির উদ্দিনের পথ রোধ করা হয়।
সুমন পাটোয়ারীসহ কয়েকজন নাসির উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় তাঁর সঙ্গে থাকা শিশুকন্যা সাফা মারওয়াও আহত হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিকেরা ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সাংবাদিক নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাসির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।