হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তাঁর নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

কসবা থানা-পুলিশ নদীর পাড়ে গিয়ে জানতে পারে ঘটনাস্থলটি কুমিল্লার বাঙ্গরা থানার আওতাধীন। পরে বাঙ্গরা থানার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ির পুলিশ দ্বীন ইসলামকে উদ্ধার করে কসবা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সফিকুর ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন। মাদক সেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন।

নিহতের পিতা সফিকুল ইসলামের দাবি, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। তাঁরা এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল আওয়াল ও তাঁর সহযোগীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল বলেন, তিনি শুনেছেন দ্বীন ইসলামকে মারধর করে মেরে ফেলা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। ষড়যন্ত্র করে একটি চক্র তাঁকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কয়েক ব্যক্তি তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় তালুকদার ও কাসেম গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৪০

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়