হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, আহত অন্তত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে কয়েক দফায় এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আধিপত্যসহ নানা বিষয় নিয়ে ইছাপুরা ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান আক্তার ও বকুলের মধ্যে বিরোধ চলছে।

গতকাল শনিবার আক্তারের সমর্থক এনামের সঙ্গে বকুলের সমর্থক রুবেলের কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

আজ রোববার ওই ঘটনার জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়ান। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।