হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ভারতে পালানোর সময় দুই হত্যা মামলার আসামি ইদ্রিস আলী গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

ইদ্রিস আলী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলী (৩৫) গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে আখাউড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ইদ্রিস আলী ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার মোহাম্মদ আলী আহমেদের ছেলে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন চেকপোস্টে আসেন ইদ্রিস আলী। কাগজপত্র ও ডাটাবেজ যাচাইয়ের সময় তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় দুটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক মো. শরীফুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় ২০২৪ সালের ১৮ আগস্ট করা একটি মামলা এবং ২০ আগস্ট করা আরেকটি মামলা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলা দুটিতে হত্যা, হামলা ও সংঘবদ্ধভাবে অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরের বিভিন্ন ঘটনার সঙ্গে ইদ্রিস আলীর সম্পৃক্ততার অভিযোগও মামলার নথিতে রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, ইদ্রিস আলী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাঁকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ইদ্রিস আলীর সঙ্গে থাকা ছোট বোন ও ভাগিনার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘ইদ্রিস আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে। মামলাগুলোতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা আইনগত ব্যবস্থা চলমান। আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ‘ইদ্রিস আলী দুটি হত্যা মামলার আসামি হিসেবে ভারতে যাওয়ার সময় আখাউড়া ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’