হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া 

প্রতীকী ছবি

নবীনগরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মরদেহ ময়নাতদন্তে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইকবাল (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার উপজেলার খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে মঙ্গলবার দুপুরে খাগাতুয়া গ্রামের ভোরের বাজার ব্রিজের সামনে ইকবালকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন আলম, ছোট্ট, কাদিরসহ ২০ থেকে ২৫ জন। এ সময় তাঁকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইকবালকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে পথিমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচাতো বোন শাহীনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হলো। অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তারা এর আগেও একাধিক হত্যাকাণ্ডে জড়িয়েছে। এমনকি পুলিশ ও র‌্যাবের ওপরও হামলার ইতিহাস রয়েছে তাদের। আমরা অবিলম্বে ভাই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।