হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬০ বস্তা জিরা জব্দ, আমদানিকারকের দাবি ৩৩৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জব্দকৃত জিরা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রাক থেকে ২৬০ বস্তা ভারতীয় জিরা জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে আমদানিকারকের দাবি, ট্রাকে ছিল ৩৩৪ বস্তা। ডিবির জব্দ তালিকায় ২৬০ বস্তা উল্লেখ থাকায় বাকি ৭৪ বস্তার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে ডিবি। পরে তল্লাশি করে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা পাওয়ার কথা জানায় পুলিশ।

ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা এসব জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের জৈন্তাপুরের হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়ার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া।

অন্যদিকে, আমদানিকারক মাহবুব উল্লাহ রকির দাবি, গত মাসে ভারতের ডাউকি স্থলবন্দর দিয়ে বৈধভাবে জিরাগুলো আমদানি করেন তিনি। ঢাকার বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কায় সেগুলো সিলেটে একটি গুদামে রাখা হয়েছিল। পরে সংশ্লিষ্ট সার্কেলের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) গুদাম পরিদর্শনে গিয়ে মালামাল ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এরপর ট্রাকে জিরা তোলা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ ট্রাকটি আটক করে।

মাহবুব উল্লাহ রকি বলেন, ট্রাক আটকের পর তাঁরা পুলিশকে আমদানির কাগজপত্র দেখানোর চেষ্টা করেন এবং মালামাল যাচাইয়ের অনুরোধ জানান। ডিবি কর্মকর্তারা পরদিন সকালে সিদ্ধান্ত জানানোর কথা বললেও পরে মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করেন।

আমদানিকারকের দাবি, তিনি প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা আমদানি করেছিলেন, যা ৩৩৪ বস্তার সমান। কিন্তু ডিবি ২৬০ বস্তা উল্লেখ করে জব্দ তালিকা তৈরি করেছে।

তামাবিল স্থলবন্দরের সহকারী রিভিউ কর্মকর্তা (এআরও) নুর আলম সিদ্দিকী বলেন, ৩৩৪ বস্তার কাগজপত্র ঠিক আছে। তবে ডিবি কেন জিরা আটক করেছে, তা তাঁর বোধগম্য হচ্ছে না।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, তাঁরা ৩৩৪ বস্তা নয়, ২৬০ বস্তা জিরা পেয়েছেন। আমদানিসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম বলেন, তাঁদের কাছে প্রাথমিকভাবে তথ্য ছিল, আমদানিকারক পক্ষের কাছে কোনো কাগজপত্র নেই। তবে পরে একটি পক্ষ কাগজপত্র থাকার কথা জানিয়েছে। সেগুলো জমা দেওয়ার কথা থাকলেও এখনো সম্পূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।

পুলিশ সুপার বলেন, বেশি মালামাল জব্দ করে কম দেখানোর অভিযোগ সত্য হলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।