হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ভোররাতে তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগুনে ক্ষতিগ্রস্ত আসন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শান্টিংয়ের সময় তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ‘ট’ বগির ১১টি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনে পেট্রল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ‘জ’ বগির আসনগুলোতে পেট্রল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আটককৃত দুই সন্দেহভাজন। ছবি: সংগৃহীত

এদিকে, ঘটনার পর ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের বাড়ি কুমিল্লায়। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করেন।

অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।