হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে মানব পাচারকারীর প্রতারণায় প্রবাসে প্রাণ গেল গাড়িচালকের

মাসুদ রানা, ধুনট (বগুড়া) প্রতিনিধি

সৌদি আরবে নিহত শাহাদৎ হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে দুই মানব পাচারকারীর প্রতারণার শিকার হয়ে প্রবাসে প্রাণ হারালেন শাহাদৎ হোসেন (৩৫) নামের এক যুবক। স্ত্রী-সন্তান ও বাবা-মাকে নিয়ে সচ্ছলভাবে সংসার চালাতে স্বপ্ন দেখেন বিদেশ যাওয়ার। নানাবাড়ির আত্মীয়ের পরিচয়ে মাহামুদুল সরকারের মাধ্যমে গাড়িচালকের কাজের জন্য পাঁচ লাখ টাকার চুক্তিতে সৌদি আরবে যান শাহাদৎ হোসেন। সেখানে কাজ পাননি তিনি। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে শাহাদৎ হোসেনকে। এমন অভিযোগ শাহাদতের পরিবারের। ১১ জুলাই তাঁর মরদেহ উদ্ধার করেছে সৌদি আরবের পুলিশ।

শাহাদৎ হোসেন ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের ছোনপচা গ্রামের বাসিন্দা দিনমজুর জামাল উদ্দীনের ছেলে। ঢাকায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর নয়াপাড়া গ্রামের বাসিন্দা মাহামুদুল সরকারের মাধ্যমে গাড়িচালকের চাকরিতে পাঁচ লাখ টাকা চুক্তিতে গত ১ জানুয়ারি সৌদি আরবে যান শাহাদৎ। দিনমজুর বাবা জামাল উদ্দীন গোয়ালের গরু-ছাগল বিক্রি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশে পাঠান। কিন্তু শাহাদৎকে চুক্তি মোতাবেক গাড়িচালকের কাজ না দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়।

জানা গেছে, কাজ না পাওয়ার বিষয়টি নিয়ে গত ১৯ জুন রাতে মাহামুদুল সরকারের বাড়িতে যান শাহাদতের মা শাহনাজ বেগম ও নানি শাহেদা বেওয়া। এ সময় মাহামুদুল সরকার ও তাঁর সহযোগী আরিফুলের সঙ্গে শাহনাজ বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মারধর করেন আরিফুলরা।

এই ঘটনায় গত ২১ জুন শাহনাজ বেগম বাদী হয়ে মাহামুদুল সরকার ও শেরপুর উপজেলার ঝাঁজর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানকে। এই সুযোগে ওই পুলিশ কর্মকর্তা শাহাদতের স্ত্রী কাজলীকে মোবাইল ফোনে অনৈতিক কাজের প্রস্তাব দেন। পরে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানাজানির পর এসআই মোস্তাফিজুরকে ১২ জুলাই প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এরপর ১৪ জুলাই রাতে ওই দুই মানব পাচারকারীর বিরুদ্ধে করা অভিযোগটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়। তার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।

এরই মধ্যে গত শনিবার বগুড়ার প্রবাসীকল্যাণ সেন্টারের উপশহরীয় ওয়েজ অর্নাস কল্যাণ বোর্ড ও বৈদেশিক কর্মসংস্থান থেকে এক চিঠিতে জানানো হয়, শাহাদৎ মারা গেছেন। ১১ জুলাই শাহাদতের মরদেহ সৌদি আরবের আল মানার স্টেশনের পুলিশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে।

আজ সোমবার সকালে নিহত শাহাদতের বাড়ি গেলে তাঁর বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের সব সম্বল শেষ করে চাকরির জন্য ছেলেকে মাহামুদুলের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে ছেলে মারা যাবে, তা আমাদের জানা ছিল না। এখন ছেলের লাশ কীভাবে আনব, তা-ও বলতে পারছি না।’

শাহাদতের বাবা-মায়ের দাবি—দুই মানব পাচারকারী তাঁদের ছেলেকে চাকরি না দিয়ে সৌদি আরবে কৌশলে হত্যা করেছেন। ছেলের হত্যাকারীদের বিচার চান তাঁরা। সে সঙ্গে সন্তানের মরদেহ দেশে ফেরত আনার দাবি জানান।

এ ব্যাপারে অভিযুক্ত মাহামুদুল সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, শাহাদৎকে তিনি বিদেশে পাঠিয়েছেন। কিন্তু তাঁর ভিসা জটিলতা ছিল। কথা বলে সমস্যার সমাধান করে দিতে চেয়েছেন তিনি। এরই মধ্যে তাঁর মৃত্যুর খবর আসে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুই মানব পাচারকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। শাহাদতের মরদেহ দেশে আনার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।

বগুড়ার ধুনট: আবারও যমুনার বাঁধে ১০০ মিটার ধস, আতঙ্ক

ধুনটে আবারও যমুনার স্পারে ১০০ মিটার ধস, আতঙ্ক

বন্ধ এতিমখানায় সমাজসেবা কার্যালয়ের ৪ লাখ টাকার অনুদান

স্কুলপড়ুয়া ছাত্রের প্রেমের বিয়ে, বিচ্ছেদের পর আত্মহত্যা

রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা: লিখিত অভিযোগের পরও নড়চড় নেই প্রশাসনে

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্পিকার বক্স ও দোকানের ড্রয়ারে ২১০০টি ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় নির্বাচনে হেরে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার দলিল লেখক

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক