হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা নবাব আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে আজ শনিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নবাব আলী উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ জুন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও হামলা চালিয়ে পশ্চিম ভারশাহী বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি শ্রমিক দল নেতা আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতা নবাব আলীকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।