বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, লেবেল ও লাইসেন্স না থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান ও সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধুনট মোড়ের হোটেল আখিমনি এবং মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআইয়ের সংশ্লিষ্ট আইনের ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়। অভিযানে কোনো কোনো প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই তৈরি ও বিক্রির পাশাপাশি লেবেলবিহীন পণ্য বিক্রির অনিয়ম পাওয়া যায়। কয়েকটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না।
অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের মধ্যে ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।
বিএসটিআইয়ের বগুড়ার ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খান বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।