হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় হাবিল হোসেন (২০) নামের এক অটোভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত হাবিল হোসেন ধুনট উপজেলার বাসিন্দা।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত হাবিল পালিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে হাবিল হোসেনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।