হোম > সারা দেশ > বগুড়া

বাড়িতে পৌঁছানো হলো না প্রবাসফেরত জুবাইদুলের, পথেই প্রাণ গেল দুজনের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরেছিলেন জুবাইদুল ইসলাম। অপেক্ষায় ছিলেন স্বজনেরা। বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে মাইক্রোবাসটি ছুটছিল জয়পুরহাটের আক্কেলপুরের গ্রামের বাড়ির দিকে। আর কিছু পথ গেলেই পরিবারের কাছে পৌঁছে যেতেন তিনি। কিন্তু বাড়ির পথে সেই যাত্রাই হয়ে গেল তাঁর শেষযাত্রা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন জুবাইদুল ইসলাম (৩০)। একই দুর্ঘটনায় প্রাণ হারান মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫)। আহত হয়েছেন জুবাইদুলের স্বজনসহ আরও সাতজন।

জুবাইদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে। বিদেশ থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি।

বৃহস্পতিবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুবাইদুল ও চালক ফেরদৌস নিহত হন।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মাইক্রোবাসটি মহাসড়কের পাশের একটি সরু লেনে ঢুকে পড়ার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত সাতজনকে উদ্ধার করেন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।