হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিএনপির ধাওয়া, মশাল-ককটেল ফেলে পালালেন আ.লীগের নেতা-কর্মীরা

বগুড়া প্রতিনিধি

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নন্দীগ্রামের রনবাঘা বাইপাস এলাকায় মশাল ফেলে পালিয়ে যান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে মশালমিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে মশাল ও ককটেল ফেলে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী রনবাঘা বাইপাস এলাকায় একটি সড়কে মশালমিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তাঁরা নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।