বগুড়ার সোনাতলায় সাবেক পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেন মণ্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুট করেছে ডাকাতেরা।
আজ রোববার ভোরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন জানান, ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের জিম্মি করে দোতলা ও নিচতলার বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় আসবাবপত্র তছনছ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়।
মোয়াজ্জেম হোসেন আরও জানান, বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি, ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা এবং নিজের ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট করা হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।