হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণের

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে রাত ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আব্দুল আলিমের ছেলে।

পুলিশ জানায়, সুজন মোটরসাইকেলে করে নিজের গ্রাম পুনট থেকে শিবগঞ্জের আমতলী বন্দরের দিকে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়কের মোড়ে জয়পুরহাটগামী একটি পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পিকআপের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ পিকআপটি জব্দ করেছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।