হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি কাল

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তিন ইউনিয়নের তিনটি বিদ্যালয় মাঠে এ গণশুনানি হবে। সেখানে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নামের বিষয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে।

তিন ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে পৃথক তিনটি কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটির প্রধানেরা জানিয়েছেন, আগামীকাল সকাল ১০টায় গণশুনানির মাধ্যমে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে। গণশুনানির ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নামের বিষয়ে সুপারিশ করা হবে। গণশুনানির বিষয়ে আজ সোমবার সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে।

১৪ জুন জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ী, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। এর মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় তিন ইউনিয়নের নাম নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মীরবাড়ী নামটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম হিসেবে পরিচিত। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত নাম দুটি প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপিত হয়।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত চিঠি পাওয়ার পর উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সর্বজনস্বীকৃত নামকে গুরুত্ব দিতে বলা হয়েছে। এ ছাড়া সাংবাদিকসহ সব ধরনের অংশীজনকে সম্পৃক্ত করে গণশুনানির মাধ্যমে মতামত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সীমান্ত ইউনিয়নের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী এবং দিগন্ত ইউনিয়নের জন্য পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রধান করে আরও দুটি কমিটি করা হয়েছে।

শাজাহানপুরে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

যমুনার ভাঙনের মুখে বাঁধ-ফসলি জমি

বগুড়ায় শিশুকে অপহরণের পর হত্যা ও লাশ গুম, ৫ জনের মৃত্যুদণ্ড

শেরপুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু, আহত ছেলে

শাজাহানপুরে অবৈধ দখলের কবলে মহাসড়ক, শিগগির উচ্ছেদের ঘোষণা

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে ‘ভুয়া’ তথ্য প্রকাশের মামলায় পত্রিকার সম্পাদক কারাগারে

ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাতনামা যুবকের

স্ত্রীকে ‘তুলে আনতে’ গিয়ে জনরোষে ছাত্রদল নেতা, ফেলে গেলেন দুই মোটরসাইকেল