হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর উপজেলার আঞ্চলিক মহাসড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল সরকার (২৩) ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে এবং শিখর হাওলাদার (২৩) ধুনট সদর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সুদেব হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল সরকার তাঁর বন্ধু শিখর হাওলাদারকে নিয়ে চৌবাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেলে ধুনট উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। একই সময় ধুনট শহর থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক শেরপুর উপজেলা শহরের দিকে আসছিল। মাঠপাড়া গ্রামের কাছে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল সরকার নিহত হন।

স্থানীয় লোকজন গুরুতর আহত শিখরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানার পুলিশ উজ্জ্বল সরকার ও শিখর হাওলাদারের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অজ্ঞাতনামা ট্রাক ও চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।