হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্কুলছাত্র জামিল হত্যা:

‘আমার ছেলে হত্যার মূল পরিকল্পনাকারীসহ অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরছে’

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

শেরপুরে স্কুলছাত্র জামিল হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূল পরিকল্পনাকারী সাদ্দামসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।’ সন্তান হত্যার বিচার চেয়ে মানববন্ধনে কথাগুলো বলছিলেন বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে নিহত স্কুলছাত্র জামিল শেখের মা রশিদা জাহান জনি।

আজ বৃহস্পতিবার সকালে ‘সচেতন নাগরিক, শিক্ষার্থী ও এলাকাবাসী’ ব্যানারে শেরপুর উপজেলার ধুনট মোড়ে জামিল হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকসহ নানান শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, স্কুলছাত্র জামিল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হলেও অন্য আসামিরা এখনো পলাতক। তাঁদের গ্রেপ্তার না করায় নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত শাকিল, সাদ্দাম, শফিকুল ও সাগর ফকিরের সঙ্গে ফুটবল খেলা নিয়ে স্থানীয় কয়েকজনের বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধ থামাতে গিয়ে জামিল শেখ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন। তাঁদের দাবি, ঘটনার আগে থেকেই আসামিরা জামিলকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।

মানববন্ধনে নিহত জামিলের বাবা রফিকুল ইসলাম, মামাতো ভাই রাসেল মাহমুদ, স্থানীয় বাসিন্দা মোস্তাকিম রহমান, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ ও আব্দুর রাজ্জাক বক্তব্য দেন। তাঁরা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, মামলার প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলেছ।

উল্লেখ্য, গত সোমবার (৩ আগস্ট) উপজেলার শেরুয়া দহপাড়া এলাকায় ফুটবল খেলা নিয়ে বিরোধ থামাতে গিয়ে দশম শ্রেণির ছাত্র জামিল শেখ নিহত হয়। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করলে প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রী নিহত

ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্কুলছাত্র জামিল হত্যার মূল আসামি গ্রেপ্তার

বগুড়ায় জমি বিরোধে সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফুটবল খেলা নিয়ে বিরোধ, কিলঘুষিতে মাঠেই প্রাণ গেল স্কুলছাত্রের

দুর্বৃত্তের বিষে মরল পুকুরের ৬০ মণ মাছ

মধ্যরাতে বিকল ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু, মামলা জুলাই হত্যাকাণ্ডের

বগুড়ার ধুনটে জামায়াতের রুকনকে দল থেকে বহিষ্কার