হোম > সারা দেশ > বগুড়া

বাজারের চাহিদা বিবেচনায় ফসল উৎপাদনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আজকের পত্রিকা ডেস্ক­

শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মীর শাহে আলম। ছবি: আজকের পত্রিকা

বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ফসল উৎপাদনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চাহিদার তুলনায় কোনো কৃষিপণ্যের উৎপাদন বেশি হলে কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়। তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা ও রপ্তানির সম্ভাবনা বিবেচনায় নিয়ে কৃষি পরিকল্পনা করতে হবে।

আজ শনিবার সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন আগের মতো আমদানির ওপর নির্ভরশীল নয়। যেসব কৃষিপণ্য ও প্রয়োজনীয় উপকরণের জন্য এখনো অন্য দেশের ওপর নির্ভর করতে হয়, সেগুলোর উৎপাদন সক্ষমতা দেশেই গড়ে তুলতে চায় সরকার। দেশের প্রয়োজনীয় পণ্য নিজেদেরই উৎপাদন করতে হবে।

লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয় উল্লেখ করে মীর শাহে আলম বলেন, এ খাতে প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। আমদানিনির্ভরতা কমিয়ে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে আমি ব্যক্তিগত উদ্যোগে একটি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছি। দেশের চাহিদা মেটাতে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি।

কৃষকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এ অর্জনের পেছনে কৃষকদের শ্রম ও অবদান সবচেয়ে বেশি। তাই কৃষির উন্নয়ন অব্যাহত রাখতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়া-২ আসনের সব কৃষিজমির মাটি বিনা মূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ জন্য রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টিচাহিদা জানা যাবে। ফলে কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে পারবেন। এতে একদিকে উৎপাদন খরচ কমবে, অন্যদিকে বাড়বে ফসলের উৎপাদনশীলতা।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।