বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি হাইএস গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বিকেল পৌনে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে ছোনকা বাজার জামে মসজিদের সামনে মরদেহ রেখে দেওয়া হয়। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।