বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি ট্রেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন কয়েকজন যাত্রী। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ট্রেনটি সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে প্রবেশ করে। একপর্যায়ে দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে এলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন আহত হন।
পরে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তাৎক্ষণিকভাবে ট্রেন দুটি থামিয়ে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মতিন বলেন, ‘কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’