হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, ভিডিওতে দেখা যায়, তিন যুবক কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। আরেকজন পুরো দৃশ্য মুঠোফোনে ধারণ করছেন। রাতের অন্ধকারে তাঁদের মুখমণ্ডল স্পষ্ট বোঝা যায়নি।

সুলতান মাহমুদ বলেন, বুধবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। সকালে কার্যালয়ে এসে বিষয়টি দেখে প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সুলতান মাহমুদ আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে কারও নাম বলা মুশকিল।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিডিও ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এনসিপির পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।