হোম > সারা দেশ > বগুড়া

সিরাজগঞ্জে আন্তজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি   

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটের একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় সিরাজগঞ্জে ৯৪টি মোবাইল ফোনসহ আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার সৈয়দপাড়া এলাকার মো. আল-আমিন (৩০), বাকলিয়া থানার সিএমপি বাকলিয়া এলাকার মো. আক্কাস আলী (৩৫), নরসিংদীর রায়পুরা উপজেলার চরমদিনা নগরের মো. ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চব্বাস মোল্লাবাড়ির ইয়াছিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনা থানার নওয়াবপুর এলাকার রবিউল (৩৩), মুরাদনগর থানার আলাউদ্দিন (২৫), চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পাঠানপাড়া এলাকার ইসরাফিল রহমান (২৭) এবং কোতোয়ালি থানার ফয়েজ রোড এলাকার মো. হৃদয় (৩৪)।

পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে বগুড়ার ধুনটের মাসুদ টেলিকম নামে দোকানটি বন্ধ করে বাড়িতে যান দোকানের মালিক মাসুদ রানা। বুধবার সকাল সাতটার দিকে মার্কেটের নৈশপ্রহরী দোকানটির তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। পরে তিনি বিষয়টি মাসুদ রানাকে জানান।

খবর পেয়ে ধুনট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্তের চেষ্টা করে। পরে পুলিশ জানতে পারে, আট ব্যক্তি দুটি সিএনজি অটোরিকশা ভাড়া করে শেরপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে তাঁরা শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

পুলিশ শেরপুর বাসস্ট্যান্ডের শ্যামলী পরিবহনের কাউন্টার স্টাফদের সঙ্গে কথা বলে বাসটির নম্বর ও সুপারভাইজারের মুঠোফোন নম্বর সংগ্রহ করে। পরে বিষয়টি সিরাজগঞ্জের হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানার পুলিশকে জানানো হয়।

এরপর ধুনট থানা, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানার পুলিশের সমন্বিত অভিযানে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করা হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, বুধবার বেলা ১১টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বগুড়ার ধুনট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।