বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত বন্ধুকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে অন্য বন্ধুর বিরুদ্ধে।
গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি বাগদিপাড়া গ্রামের পূজামণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত তুলসি রায় (৪০) কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একসময় কুঠিবাড়ি গ্রামের পান্না রায়ের ছেলে বাবু রায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তুলসি রায়। বন্ধুত্বের সূত্র ধরে একে অন্যের বাড়িতে অবাধ যাতায়াত ছিল। যাতায়াতের একপর্যায়ে বাবু রায়ের স্ত্রীর সঙ্গে তুলসি রায় প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় এক বছর আগে বাবু রায়ের স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করেন তুলসি রায়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক হলেও ঘটনাটির কোনো সমঝোতা হয়নি।
এ ঘটনার জেরে রোববার রাতে কুঠিবাড়ি পূজামণ্ডপ এলাকায় তুলসি রায়কে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বাবু রায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তুলসি রায়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক নারীর সাবেক স্বামীর ছুরিকাঘাতে বর্তমান স্বামী আহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত বাবু রায়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে।