হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২৮) ও মো. হান্নান মণ্ডল (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার গোসাইবাড়ী গুচ্ছগ্রাম ও পূর্ব গুয়াডহরী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব গুয়াডহুরী গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. সোহাগ এবং গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকার মো. আয়নাল মণ্ডলের ছেলে মো. হান্নান মণ্ডল।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৪০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া (ওজন ৩ গ্রাম) হেরোইন এবং মাদক বিক্রির ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।