হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে থানার সামনে চাকু হাতে ভিডিও পোস্ট, যুবক গ্রেপ্তার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

গ্রেপ্তার চাকু হাতে সাখাওয়াত হোসেন রাজ। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে চাকু হাতে নিয়ে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সাখাওয়াত হোসেন রাজ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাখাওয়াত হোসেন রাজ ওই গ্রামের শুকুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার গেটের সামনে চাকু হাতে নিয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সাখাওয়াত। ভিডিওটি অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামানের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মুঞ্জয় ও এসআই এরশাদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, চাকু হাতে ওই যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের নজরে আসার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।