বগুড়ায় আদালতের হাজতখানায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ পাওয়ায় মিজানুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির কোনো পর্যায়ের নেতা-কর্মী বহিষ্কৃত মিজানুর রহমানের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বগুড়ার আদালতের হাজতখানায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে মিজানুর রহমানের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা ও বিতর্ক তৈরি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই মিজানুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।