হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পুলিশ পরিচয়ে রিসোর্টে ডাকাতির অভিযোগ, কর্মচারীদের জিম্মি করে মালামাল লুট

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরি

বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশধারী দুর্বৃত্তরা গভীর রাতে রিসোর্টে ঢুকে চারজনকে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত গ্রিন গার্ডেন রিসোর্টে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানায় দায়ের করা অভিযোগে রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের ম্যানেজার মানস মিস্ত্রী জানান, রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিসোর্টের প্রধান ফটকে এসে বলেন, ‘ভেতরে আসামি আছে, গেট খুলুন।’ তাদের হাতে ওয়াকিটকিও ছিল।

অভিযোগে বলা হয়, গেট খুলতেই রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ফেরদৌস মিয়াকে মারধর করা হয়। পরে তাঁকে অপর প্রহরী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ফেরদৌস মিয়া, তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাঁদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা।

এরপর তারা রিসোর্ট থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, একটি ১২ ভোল্টের বড় ব্যাটারি, দুই প্রহরীর দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং বিদ্যুতের খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার ও কেব্‌ল খুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের বাইরে রাখা একটি পিকআপ ভ্যানে করে লুট করা মালামাল নিয়ে তারা পালিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা ধরে এ লুটপাট চলে।

মানস মিস্ত্রী জানান, ঘটনার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পরে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘গ্রিন গার্ডেন রিসোর্টে মালামাল চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল ছয়টি, গ্রেপ্তার ৭

বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের, গুরুতর আহত ছোট ভাই

বগুড়ার ধুনট: আবারও যমুনার বাঁধে ১০০ মিটার ধস, আতঙ্ক

ধুনটে আবারও যমুনার স্পারে ১০০ মিটার ধস, আতঙ্ক

বন্ধ এতিমখানায় সমাজসেবা কার্যালয়ের ৪ লাখ টাকার অনুদান

ধুনটে মানব পাচারকারীর প্রতারণায় প্রবাসে প্রাণ গেল গাড়িচালকের

স্কুলপড়ুয়া ছাত্রের প্রেমের বিয়ে, বিচ্ছেদের পর আত্মহত্যা

রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা: লিখিত অভিযোগের পরও নড়চড় নেই প্রশাসনে