হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে মালবোঝাই ট্রাকের চাপায় রিফাত (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের বিবিরপুকুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকউড় দক্ষিণপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি দুপচাঁচিয়া উপজেলার একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

কাহালু থানার উপপরিদর্শক সেকেন্দার আলী জানান, রিফাত মোটরসাইকেলে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক তাঁকে মোটরসাইকেলসহ চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সেকেন্দার আলী আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।