বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৩৯) নামের এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাফফর হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল উত্তরপাড়া এলাকার মজিবর প্রামাণিকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্যাস নেওয়ার জন্য অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন মোজাফফর। পথে খাদ্যগুদামের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান বলেন, মোজাফফরের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।