বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মীর শাহে আলম বলেন, ‘লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েক শ গাড়ির বহর নিয়ে গেলেন। তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতেই লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।’
তিনি আরও বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের জোট গঠন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ এখন সজাগ ও সচেতন, যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপির সক্ষমতা রয়েছে।
বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে মীর শাহে আলম বলেন, ‘দীর্ঘ ২০ বছর নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।’
উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে কাজ করছে। দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি জানান।
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মশাল হাতে মিছিল বের করেন। মিছিলটি মোকামতলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে মোকামতলা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।