বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের দুইবারের সদস্য ছিলেন। জুলাই আন্দোলন–সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপান। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।
স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।