বগুড়ার কাহালুতে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগাহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০) ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৭০)। আহত ব্যক্তির নাম আব্দুল মকিম (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আব্দুল বাসেদ ও বাবর আলীকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল মকিমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনায় দুই ইউপি সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নিহত দুই ইউপি সদস্য একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।