হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় রাইস মিলমালিককে হাত-পা বেঁধে হত্যা করে ট্রান্সফরমার লুট

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় রাইচ মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শিবগঞ্জে এক রাইস মিলমালিককে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছিরউদ্দীনের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহীনুজ্জামান বলেন, ‘মোহাম্মদ আলী রাতে নিজের মিলে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা রাইস মিলের পেছন দিক দিয়ে ভেতরে প্রবেশ করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তাঁর মাথায় আঘাত করে হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়।’

আজ সোমবার সকালে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন রাইস মিলে গিয়ে বিছানায় মোহাম্মদ আলীর হাত-পা বাঁধা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ।

ওসি শাহীনুজ্জামান বলেন, ‘এ ঘটনায় কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।’