হোম > সারা দেশ > বগুড়া

শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

ফাইল ছবি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। নিহত শিরিন বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার সোলায়মান হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী জানান, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত ১২ অক্টোবর শিরিনকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় শিরিনকে রেখে তাঁর স্বামী নামাজ পড়তে যান। এ সময় ছয়তলার উত্তর ব্লকের সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে তিনি নিচে পড়ে যান। পরে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।