১১ দলীয় জোট বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এ অবস্থায় বিরোধী দলের এক দফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে বিরোধী দলকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ সময় শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে তা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো সম্প্রদায়ের মানুষ কোনো রাজনৈতিক দলের সম্পদ নন; তাঁরা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক ও সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।