হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী মারা গেছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শহরদিঘী গ্রামের কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাবেয়া গত প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনের দিকে চলে যান। পরে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।