ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ বলেছেন, ‘ক্যাম্পাসে গণতন্ত্র গলা টিপে হত্যা করা ছাত্রদলের একটা ঐতিহ্য। গণতন্ত্রকে গলা টিপে হত্যার যে রাজনীতি শুরু করেছেন, সেটি বন্ধ করেন। নতুবা এই তরুণেরা আগামীতে আপনাদের মুনাফিক হিসেবে চিনবে।’
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ইসলামী ছাত্রশিবির ভোলা সরকারি কলেজ শাখা আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসএম ফরহাদ।
ফরহাদ বলেন, ‘ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আজ নবীনবরণ হওয়ার কথা, কিন্তু এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ছাত্রদল যা যা করা দরকার, সব করেছে। তবে এসব করে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে।’
ডাকসু জিএস আরও বলেন, ‘দেশে কোনো স্বপ্ন নেই। রাজনীতিবিদেরা বড় বড় কথা বলবে আর ক্ষমতায় এসে লুটপাট করবে। তেলের দাম বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. পারভেজ, ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলার আমির কামাল হোসেন, ভোলা শহর ছাত্রশিবিরের সভাপতি হাসনাইন আহমেদ, সাধারণ সম্পাদক তাহসান সোহেল, ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মো. আল আমিন, সেক্রেটারি মো. কামরুল হাসান।