হোম > সারা দেশ > বরিশাল

বেদে শিশুদের শিক্ষার আলো দেখাচ্ছেন দুই বোন, খোলা আকাশের নিচে চলছে পাঠদান

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

নিজেদের বাড়ির আঙিনায় প্রতিদিন এক ঘণ্টা করে শিশুদের পড়ান মুন্নি আক্তার ও মিতু আক্তার। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে শিক্ষাবঞ্চিত বেদেপল্লির শিশুদের অক্ষরজ্ঞান দিতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন দুই বোন। উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ এলাকা ও আড়িয়াল খাঁ নদের তীরে বসবাসরত বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশত শিশুকে নিয়ে খোলা আকাশের নিচে পাঠশালা চালু করেছেন তাঁরা। লোহালিয়া গ্রামের আলতাফ হোসেন হাওলাদারের মেয়ে মুন্নি আক্তার ও মিতু আক্তার প্রতিদিন বিকেলে নিজেদের বাড়ির আঙিনায় এক ঘণ্টা করে শিশুদের পড়াচ্ছেন। বিনা পারিশ্রমিকে তাঁদের এই উদ্যোগ ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের মীরগঞ্জ ফেরিঘাটসংলগ্ন আড়িয়াল খাঁ নদের তীরে প্রায় ৭০টি বেদে পরিবার অস্থায়ীভাবে বসবাস করছে। কেউ বাঁশ ও পলিথিন দিয়ে ছোট ঘর তৈরি করে থাকলেও অনেকের আশ্রয় নৌকাতেই। এসব পরিবারের অধিকাংশ শিশুর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয় না। অভিভাবকদের বেশির ভাগই নিরক্ষর হওয়ায় তাঁরা সন্তানদের স্কুলমুখী করতেও আগ্রহী নন। ফলে শিশুরা মৌলিক অধিকার—প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

ব্যক্তিগত এই উদ্যোগে কিছু শিশুর লেখাপড়ায় হাতেখড়ি হলেও এখনো ওই এলাকায় দেড় শতাধিক শিশু শিক্ষার বাইরে রয়েছে। জীবিকার তাগিদে এসব শিশুকে মা-বাবার সঙ্গে মাছ ধরা ও অন্যান্য কাজে যুক্ত হতে হয়।

বেদে সম্প্রদায়ের সদস্য হেলেনা বেগম (৪০) বলেন, নদীর পাড় ও নৌকায় বসবাসরত প্রায় ৭০টি পরিবারে প্রায় ২০০ শিশু রয়েছে। কিন্তু তাদের কেউই নিয়মিত স্কুলে যেতে পারে না। দারিদ্র্য ও জীবনসংগ্রামের কারণে শিশুদেরও কাজে যুক্ত হতে হয়। সরকারি সহযোগিতা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেলে শিশুদের জীবনে পরিবর্তন আসতে পারে।

উদ্যোক্তা মুন্নি আক্তার জানান, বেদে শিশুদের অক্ষরজ্ঞান দেওয়া এবং বিদ্যালয়মুখী করার লক্ষ্যেই কয়েক মাস আগে এই উদ্যোগ নেওয়া হয়। গত ১৫ এপ্রিল থেকে নিয়মিত পাঠদান শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ৫০টি শিশু এই পাঠশালায় অংশ নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা চাই এসব শিশু শিক্ষার আলো পেয়ে স্কুল-কলেজে পড়ুক। কিন্তু পর্যাপ্ত পরিবেশ, বই ও শিক্ষা উপকরণের অভাবে নিয়মিত কার্যক্রম চালানো কঠিন হচ্ছে। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে এই উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।’

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বেদে সম্প্রদায়ের মানুষ সমাজের মূলধারা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তারা নদীভিত্তিক জীবনযাপনের কারণে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ান। ফলে শিশুদের শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তবে বাবুগঞ্জে দীর্ঘদিন ধরে অবস্থান করায় তাদের শিক্ষাদান ও পুনর্বাসনের সুযোগ রয়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, বেদে শিশুদের শিক্ষা নিশ্চিত করা জরুরি। দুই তরুণীর এই উদ্যোগ সম্পর্কে জানা গেছে। তাঁদের সহায়তায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।

মুলাদীতে জমি নিয়ে বিরোধে হামলা, জামায়াত নেতাসহ আহত ৩

বরিশালে আ.লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল

ঘরে ঢুকে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৮ দিন পরে মামলা

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন বাবার লাশ

সমবায়ের নামে প্রতারণা, নিঃস্ব হাজারো পরিবার

ঝড়ের মৌসুম: ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট নৌযান

এসএসসি পরীক্ষায় প্রক্সি, কলেজছাত্র কারাগারে

মেহেন্দীগঞ্জে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬

ববি শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা, হুঁশিয়ারি ভিসির