হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।

আজ রোববার নগরীর ৬ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ মাইল এলাকায় একটি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এ সময় বাসে ৩৫ জন যাত্রী ছিল। স্থানীয়রা তাৎক্ষণিক অধিকাংশ যাত্রীকে বাসটি থেকে উদ্ধার করেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুপুরে উদ্ধারকারী দলের সদস্যরা বাসটি খাদ থেকে উদ্ধার করেন। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের ইনচার্জ চন্দ্রশেখর গাইন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দুটি ইউনিটে উদ্ধার কার্যক্রম শুরু করি। আমরা আসার আগেই যাত্রীদের স্থানীয় জনতা উদ্ধার করেছে। রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করেও ভেতরে হতাহত কাউকে পাওয়া যায়নি। পানির মধ্যেও কাউকে পাওয়া যায়নি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. শাহ আলম মৃধা বলেন, ধারণা করা হচ্ছে, বাসটি সাইড দিতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। তবে হতাহত কাউকে পাওয়া যায়নি।