হোম > সারা দেশ > বরিশাল

সড়ক দুর্ঘটনায় আহত ববি ছাত্র মারা গেছেন, শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

বিআরটিসি বাস-যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত মারা গেছেন। আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে রাত ১১টা থেকে ফের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।

জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে তিনি সেখানে মারা যান বলে রাতে খবর আসে।

একই বিভাগের ছাত্র মৃত্যুঞ্জয় মাসুদ বলেন, ইয়াসিন আমার ছোট ভাই। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে। প্রক্টর মেহেদী হাসানও আমাদের এ খবর জানিয়েছেন। এ ঘটনায় রোববার রাত ১১টার দিকে ছাত্ররা সড়ক অবরোধ করেছেন বলে জানান মাসুদ।

দুর্ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা ও আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভারসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনরত বাংলা বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই, আমাদের সব দাবি দ্রুত মেনে নেওয়া হোক।

শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাস্তা মেরামতসহ নানা ধরনের দাবি জানালেও তা পূরণ করা হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো রক্তপাত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয় না।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব দাবি-দাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব মেনে নেবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করব এবং কীভাবে দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত, মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার ২৮ শিক্ষার্থী

বরিশালে বিআরটিসি বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ, যাত্রী নিহত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: বরিশালে তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের পরিবেশ স্থিতিশীল

ঘেরে মিলল ১৪ দেশীয় অস্ত্র, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

সরকারি জমি নেতাদের দখলে

ইউএনওর হস্তক্ষেপে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের কেটে ফেলার অভিযোগ

বরিশাল বিএম কলেজ: সংস্কারের দাবি পূরণ না হওয়ায় মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো ছাড় নয়: বিএমপি কমিশনার