বরিশাল নগর-সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর। আজ বৃহস্পতিবার দুপুরে খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ মো. জুনায়েদ (১৩) নগরের ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী কিশোর মো. সাইফুল বলে, জুনায়েদের বড় ভাই জুবায়ের নদীর তীরে সাইকেল পরিষ্কার করছিলেন। এ সময় নদীর তীরে ফুটবল খেলছিল জুনায়েদ। একপর্যায়ে বলটি নদীতে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যেতে থাকে জুনায়েদ। এ সময় তাকে বাঁচাতে পানিতে নেমে জুবায়ের হাত বাড়িয়ে দেন। জুনায়েদের হাতও ধরে ফেলেন, কিন্তু স্রোতের টানে ভেসে যায় সে।
এ ব্যাপারে কাউনিয়া থানার এসআই বশির উদ্দিন বলেন, ঘটনাস্থলে উপস্থিত জুনায়েদসহ তার ভাই জুবায়ের ও সাইফুল কেউ সাঁতার জানত না। যার কারণে স্রোতে ভেসে যাওয়া জুনায়েদকে তীরে তোলা যায়নি। জুনায়েদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি করছেন। ঘটনাস্থলে নৌ ও থানা-পুলিশ রয়েছে।