বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উচ্ছ্বাস কর্মকার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি খুলনা জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্ষটি দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ ছিল। এ সময় কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির লোকজন বিষয়টি পুলিশকে জানান। পরে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’
বরিশাল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এবং এটি আত্মহত্যা কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’