হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতালে আগুন: নামানোর সময় দুই রোগীর মৃত্যু, অক্সিজেন সংকটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিম হাসপাতালে গতকাল রাতে আগুন লাগার পর দুই রোগী মারা যায়। ছবি: আজকের পত্রিকা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় স্থানান্তর হতে গিয়ে রোগীদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, অক্সিজেনের অভাবে ওই দুই রোগী মারা যান। মারা যাওয়া রোগীরা হলেন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার কাজী আতাউর রহমান (৮০) এবং বরিশাল সদরের বারৈজ্যের হাটখোলা এলাকার আবুল হোসেন (৬৭)। এদিকে আগুন নেভাতে গিয়ে চারজন আনসার সদস্যসহ ছয়জন অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডের একটি স্থানে আগুন লাগে। সেখানে রোগীদের জন্য রাখা ফোম, চাদর, বালিশসহ বিভিন্ন সামগ্রী ছিল।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ভবনের বিভিন্ন তলায় থাকা রোগী, তাদের স্বজন, হাসপাতালের স্টাফ, নার্স ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে রোগীদের ভবন থেকে নিচে নামিয়ে সড়ক ও হাসপাতালের সামনে অবস্থান নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মারা যাওয়া রোগী কাজী আতাউর রহমানের পুত্রবধূ জানান, অগ্নিকাণ্ডের সময় তাঁর শ্বশুর চতুর্থ তলায় ভর্তি ছিলেন এবং তিনি নিয়মিত অক্সিজেন ও ইনহেলারের ওপর নির্ভরশীল ছিলেন। আগুন লাগার পর তাঁকে অক্সিজেন ছাড়াই নিচে নামানো হয়। কিছুক্ষণ পর তিনি মারা যান। পরিবারের অভিযোগ, হাসপাতাল চত্বরে থাকা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন চাইলেও তা পাওয়া যায়নি।

অপর দিকে মারা যাওয়া আবুল হোসেনের স্বজনেরা জানান, তিনি কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রাতের বেলায় তাঁর স্ত্রী ও কন্যা হাসপাতালে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে এসে তাঁকে মৃত অবস্থায় পান।

শেবাচিম হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

অগ্নিকাণ্ডের পর শতাধিক রোগী হাসপাতালের সামনে মাঠে আশ্রয় নেন। এ সময় কয়েকজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসার জন্য হাসপাতালে এনে আগুনের আতঙ্কে প্রাণহানির ঘটনা মেনে নেওয়া যায় না।

হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) আবদুল মুনায়েম সাদ বলেন, মেডিসিন ওয়ার্ডের একটি কর্নারে অগ্নিকাণ্ড ঘটে। ওই ওয়ার্ডের দুটি ইউনিটে রোগী ভর্তি ছিল। তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উপপরিচালক নাজমুল আহসান বলেন, ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় কোনো রোগী ভর্তি থাকে না। আক্রান্ত দুটি ইউনিটে শতাধিক রোগী ছিল। তাদের পুরোনো ভবনের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে। তবে তিনি দুই রোগীর মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল স্টেশনের স্টেশন কর্মকর্তা আবুজর গিফরী জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফোম ও বেডশিটে আগুন লাগায় ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নেভাতে কিছুটা সময় লাগে। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি; শর্টসার্কিট বা বিড়ি-সিগারেট থেকেও আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে জানা যাবে।

ঈদে দেড় কোটি লোকের যাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং: শেখ রবিউল

ঈদে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু, ডেকের ভাড়া বাড়ায় অসন্তোষ

বরিশালে টয়লেটের ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা যুবকের লাশ উদ্ধার

শাসক নয়, মানুষের সেবক হতে চাই: বিসিসি প্রশাসক

বাঁচানো যায়নি অগ্নিদগ্ধ শিশু রাইসাকে, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

শেবাচিম হাসপাতালে নার্সের ‘ভুলে’ দুই রোগীর মৃত্যু

উজিরপুরে ছাত্রদলের সেই আহ্বায়ক বহিষ্কার

বরিশালে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু, আটক ৪

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আটক

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা